img

দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘টেকসই জাতীয় উন্নয়নের জন্য নৈতিক নেতৃত্ব, উদ্ভাবন এবং সম্মিলিত দায়িত্ববোধ অপরিহার্য।’

সোমবার রাজধানীতে ফোরাম অব ইয়ং প্রফেশনালস আয়োজিত নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি তরুণদের মধ্যে আর্থিক সচেতনতা, উদ্যোক্তা মনোভাব ও পেশাগত সততার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরাম অব ইয়ং প্রফেশনালস উপদেষ্টা রাশেদ উল হক সরকার। তিনি সংগঠনের যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং নেতৃত্ব বিকাশ, পেশাগত উৎকর্ষ ও সমাজে ইতিবাচক অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের সম্মাননা প্রদান। ফোরাম ও সমাজের প্রতি তাদের নিষ্ঠা, অবদান ও সেবার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

নেতৃত্ব সংলাপে তরুণ পেশাজীবীদের সামনে থাকা সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে সম্মিলিত ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও খবর